সহজ ভাষায়, যিনি কোনো একটি কাজের উদ্যোগ নেন এবং সেই উদ্যোগকে বাস্তবে রূপ দেন, তিনিই উদ্যোক্তা। সেই উদ্যোগ পণ্য, সংগঠন, প্রতিষ্ঠান কিংবা অন্য যেকোনো সৃষ্টিশীল কাজকে কেন্দ্র করে হতে পারে। অর্থাৎ, আপনি কোনো একটি কাজের উদ্যোগ নিয়ে সেটিকে বাস্তবায়ন করলে, সেই কাজের উদ্যোক্তা আপনি। জ্যান-ব্যাপটিস্টের মতে উদ্যোক্তা ফরাসি অর্থনীতিবিদ জ্যান-ব্যাপটিস্ট সে (Jean-Baptiste Say) উদ্যোক্তা ধারণার অন্যতম প্রবর্তক। তাঁর মতে, উদ্যোক্তা একজন সংগঠক, যিনি বিভিন্ন সম্পদ ও উপকরণকে একত্রিত করে সম্ভাবনাময় নতুনত্ব ও অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেন। যেমন—একজনের জমি, আরেকজনের শ্রম এবং অন্যজনের অর্থ—এসব সম্পদকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে নতুন কোনো সম্ভাবনা তৈরি করা একজন উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কাজ। তাহলে উদ্যোক্তা কাকে বলব? পরিশেষে আমরা বলতে পারি— উদ্যোক্তা এমন একজন ব্যক্তি, যিনি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি গ্রহণ করেন, প্রয়োজনীয় সম্পদ ও মানুষকে সংগঠিত করেন, গ্রাহকের প্রয়োজন বোঝেন এবং নতুন ধারণা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তাই আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে শুধু পণ্য বিক্রি করাই যথেষ্ট নয়; বরং সমস্যা খুঁজে বের করা, সুযোগ সৃষ্টি করা, নতুনত্ব নিয়ে আসা এবং মানুষের প্রয়োজন পূরণ করার সক্ষমতা অর্জন করতে হবে। একজন উদ্যোক্তার গুরুত্বপূর্ণ কাজ ১. বাজারে নতুন কোনো পণ্যের প্রয়োজনীয়তা খুঁজে বের করা। ২. নতুন ও সম্ভাবনাময় বাজার খুঁজে বের করা। ৩. এমন নতুন পণ্য বা সেবা উদ্ভাবন করা, যা আগে বাজারে ছিল না। ৪. কাঁচামালের নতুন উৎস খুঁজে বের করা। ৫. মানুষের প্রয়োজন ও সমস্যাকে ব্যবসায়িক সম্ভাবনায় রূপ দেওয়া। ৬. ঝুঁকি গ্রহণ করে পরিকল্পিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা। উদ্যোক্তা মানে শুধু ব্যবসায়ী নয়। উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি, যিনি একটি উদ্যোগ নেন, নতুন কিছু সৃষ্টি করেন, সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং নিজের পাশাপাশি অন্যদের জন্যও সুযোগ তৈরি করেন। উদ্যোগ থেকেই সৃষ্টি হয় সম্ভাবনা, আর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন একজন উদ্যোক্তা।
দক্ষতা সেশন
উদ্যোক্তা অর্থ কী? উদ্যোক্তা বলতে আমরা কী বুঝি?
নজরুল ইসলাম
24 Sep, 2026